দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এখন দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এক ব্যতিক্রমী অতিথি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল প্রজাতির সাদা মহিষ। দুধসাদা বর্ণ আর অনন্য সৌন্দর্যে সবার নজর কাড়ছে প্রাণীটি। প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থী ভিড় করছেন এক ঝলক দেখার জন্য। প্রাণীটির স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষ যত্ন নিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তীব্র গরমে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে, নিয়মিত পানি ছিটিয়ে রাখা হচ্ছে শরীর ঠান্ডা রাখতে। পাশাপাশি আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে খাঁচায় শিগগিরই স্ট্যান্ড ফ্যান স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খেয়ে থাকে। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন হলে তার খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হবে।

গত বুধবার (২৭ মে) রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে বাংলায় "সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)" এবং ইংরেজিতে "Albino Buffalo" লেখা পরিচিতি বোর্ড স্থাপন করা হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানায়, মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি অবাধে চলাফেরা করতে পারে। তবে গৃহপালিত প্রাণী হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে, কারণ এমন পরিবেশেই সে অভ্যস্ত।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনে কয়েক দফায় মহিষটিকে খাবার দেওয়া হয়। সকাল ৯টায় ছোলা ও ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টায় আবার ছোলা-ভুসি সরবরাহ করা হয়।
তীব্র গরমে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে খাঁচায় শিগগিরই স্ট্যান্ড ফ্যান স্থাপন করা হবে বলেও তিনি জানান।
কেএম